সরকার ও প্রধানমন্ত্রী কটুক্তি করে বিএনপি’র একাংশের ইফতার মাহফিলে বক্তব্য প্রদানের জেরে বহুল আলোচিত ও বিতর্কিত ৫ হত্যা মামলাসহ অসংখ্য মামলার পলাতক আসামী সেই বিএনপি নেতা লেয়াকত আলীর বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আবদুল্লাহ কবির চৌধুরী লিটন।
- দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। মামলাটির ফাইলিং আইনজীবি হিসেবে ছিলেন এ.আর.এম তকছিমুল গণি (ইমন)। তাছাড়া শুনানীতে বিজ্ঞ আদালতের সকল আইনজীবিও অংশগ্রহণ করেন। সরকার পক্ষে এপিপি এডভোকেট বিকাশ রঞ্জন ধরও এই মামলা দায়েরের পক্ষে তার বক্তব্য তুলে ধরেন বিজ্ঞ আদালতে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য প্রদান করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া সেই বিএনপি নেতা লেয়াকতের গ্রেফতার দাবীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এদিকে উপজেলা সদরের প্রধান সড়কে অনতি বিলম্বে বিএনপি নেতা লেয়াকত আলীকে গ্রেফতার দাবীতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও মামলার বাদী আবদুল্লাহ কবির চৌধুরী লিটন বলেন, বিএনপি নেতা লেয়াকত আমার নেত্রীকে হেয় করে কুরুচি সম্পন্ন বক্তব্য প্রদান ও সরকারকে হুমকি দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় আমি একজন আওয়ামীলীগের সাধারণ কর্মী হিসেবে এর প্রতিবাদ করার আইনগত অধিকার আমার রয়েছে। তাই আদালতের শরণাপন্ন হয়ে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করি। ৫ হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী কিভাবে উপজেলা সদরে প্রকাশ্য সরকারকে কটুক্তি করে বক্তব্য প্রদান করে এবং এতে কোন প্রশাসনের হাত আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন এটা আইনগত বিষয় আইনশৃংখলা বাহিনী ভাল জানবে।
উল্লেখ্য, “খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও এক সাথে” দেশ বাঁচাও, জালেম সরকার হঠাও এই ধরনের একাধিক স্লোগানে মুখরিত করে তুলে বিএনপি’র ইফতার মাহফিলে যোগদান করেছিল। ৫ হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী বিএনপি নেতা লেয়াকত আলী। সোমবার (৪ জুন) থানার ৫শ গজের মধ্যে বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র ব্যানারে এই ইফতার মাহফিল আয়োজন করেছিল। ইফতার মাহফিল চলাকালীন সন্ধ্যা ৬ টার দিকে বিএনপি নেতা লেয়াকত শতাধিক নেতাকর্মী নিয়ে মঞ্চস্থলে উপস্থিত হয়ে সরকার ও প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করে বক্তব্য দিতে থাকে। বক্তব্যের শেষ প্রান্তে বাঁশখালী থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ৬ জনের পুলিশ সদস্য নিয়ে ইফতার মাহফিলে গেলে ওই বিএনপি নেতা পালিয়ে যায়।
মন্তব্যসমূহ